পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী ও এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ প্রথমে চারজনের মৃত্যুর খবর জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী শিক্ষিকাও রয়েছেন বলে সংবাদমাধ্যম জিও নিউজকে নিশ্চিত করা হয়েছে।
ছাদ ধসের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর জরুরি সেবা বাহিনী ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলকর্মীদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেশোয়ারের রাজধানী পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়ান সাঈদ জানিয়েছেন, ছাদ ধসের ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর বেসরকারি স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়েতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে আগামীকালের মধ্যে এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার প্রতিবেদন চেয়েছেন এবং আহত শিশুদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
পেশোয়ারে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিহতদের, বিশেষ করে শিশুদের জন্য দোয়া করেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভোরের আকাশ/সু.পা