‘আজই শাস্তি দেওয়া হবে’ যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের হামলার পর ‘আজই আগ্রাসীদের শাস্তি দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। মার্কিন অভিযানের পর ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা দ্রুত এর জবাব দেবে এবং ‘আগ্রাসীদের’ শাস্তি দেওয়া হবে। তবে কী ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বা কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
এর আগে বুধবার (২৯ জুলাই) রাতে ইরানে নতুন করে বিমান হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। এ হামলার ফলে কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) থেকে ইরানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান শুরু করা হয়।
সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশিত বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ/সু.পা