সীমা অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা জবাব: ইরান

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তবে তারাও একইভাবে জবাব দিতে দ্বিধা করবে না।
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দেওয়া এই সময়সীমা শেষ হচ্ছে কয়েক ঘণ্টার মধ্যে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে।
এর জবাবে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমেরিকা এবং তার মিত্রদের অবকাঠামোর এমন দশা করব, যা তাদের বহু বছরের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমেরিকান নেতাদের সেই সক্ষমতা নেই যা দিয়ে তাঁরা হিসাব করবেন যে, তাঁরা যদি আমাদের অবকাঠামোতে আক্রমণ করেন, তবে আমাদের যোদ্ধাদের নাগালে তাঁদের কোন কোন গুরুত্বপূর্ণ সম্পদ থাকবে।’
এতে আরও জানানো হয়, ‘মার্কিন সামরিক বাহিনী যদি আমাদের চরম সীমা অতিক্রম করে, তবে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে বাইরেও বিস্তৃত হবে।’
ভোরের আকাশ/এনএস