দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন তুরস্কের পরিবহনমন্ত্রী

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিডিও পোস্ট করার পর জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু। মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছিলেন মন্ত্রী। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তৃতা শুনতে দেখা যায়।
তবে ভিডিওর দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারও ধরা পড়ে, যেখানে দেখা যায় তিনি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছেন। অথচ ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
কিছু ঘণ্টা পর ভিডিওটি আবার পোস্ট করে মন্ত্রী স্বীকার করেন, তিনি গতিসীমা অতিক্রম করায় জরিমানা গুনেছেন। তিনি লিখেছেন, ‘আংকারা–নিজদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম। অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছি।’
তিনি জরিমানার নোটিশের একটি কপিও প্রকাশ করেন, যেখানে উল্লেখ আছে, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর কারণে তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
মন্ত্রী আরও লিখেছেন, ‘এখন থেকে আরও সতর্ক থাকব। গতিসীমা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।’
সূত্র: এএফপি
ভোরের আকাশ//হ.র