পুত্রবধূকে গোমূত্র পান করানোর অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুসংস্কার চর্চা, গৃহনির্যাতন এবং মানসিক নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। তার পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, তাকে জোর করে গোমূত্র পান করানো হয়েছে, তান্ত্রিক আচার পালনে বাধ্য করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, থানে জেলার এ ঘটনায় পুলিশ সাবেক এমপি বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে এবং স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। একই মামলায় ফিরোজ ও কাজি নামে দুই কথিত তান্ত্রিককেও আসামি করা হয়েছে।
গিরিজা রাউতের অভিযোগ, বিয়ের পর প্রায় সাত বছর ধরে তিনি মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর কথিত বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের কথা বলে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নেওয়া হতো।
তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে তাকে জোর করে গোমূত্র পান করানো হয়। পাশাপাশি কুসংস্কারমূলক নানা আচার পালনের অংশ হিসেবে তার মাথার চুল টেনে ছিঁড়ে নেওয়া হয়।
সাংবাদিকদের গিরিজা বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার সাহস তিনি দীর্ঘদিন পাননি। পরিবারের জ্যেষ্ঠ সদস্য হয়েও বিনায়ক রাউত কখনো তার পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া স্বামীর বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক এড়িয়ে যাওয়া, অপমান করা এবং নিয়মিত মানসিক চাপ দেওয়ার অভিযোগও করেছেন তিনি। তার দাবি, পারিবারিক অনুষ্ঠান ও বিদেশ সফরেও একই ধরনের আচরণের শিকার হয়েছেন।
গিরিজা রাউতের অভিযোগ, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতন এবং অশালীন আচরণের অভিযোগ রয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনএ