পাকিস্তানের জলসীমা থেকে ইরানে মার্কিন হামলা মিথ্যা গুজব: পাকিস্তান

পাকিস্তানের জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দাবিটির কোনো ভিত্তি নেই। যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্যটি ছড়ানো হচ্ছে।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ে। এসব পোস্টে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের নৌসেনারা পাকিস্তানের জলসীমায় অবস্থান নিয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় তাদের ফ্যাক্ট চেক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দাবিটিকে মিথ্যা বলে উল্লেখ করে।
বিবৃতিতে বলা হয়, উত্তর আমেরিকাভিত্তিক একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে এই ভুয়া তথ্য ছড়ানো হয়। পরে অন্যরা সত্যতা যাচাই না করেই তা প্রচার করতে থাকেন। এসব পোস্টে দাবি করা হয়েছিল, পাকিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন নৌবাহিনীকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দিয়েছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, এ দাবির কোনো ভিত্তি নেই। মানুষের মধ্যে বিভ্রান্তি, ভুল ধারণা ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান তাদের বেলুচিস্তান প্রদেশ দিয়ে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করেছে। এ সিদ্ধান্তের পর দুই দেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই পাকিস্তানের জলসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানের গুজব ছড়িয়ে পড়ে।
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় স্পষ্ট করেছে, দেশটির জলসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার যে দাবি ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। সূত্র: আরব নিউজ পাকিস্তান
ভোরের আকাশ/সু.পা