পাহাড়ের ৫০০ ফুট গভীরে পড়ে পর্বতারোহীর মৃত্যু

ব্রাজিলের রিও ডি জেনেরিওর মারিকা অঞ্চলের পাদ্রা দো মাকাকো পাহাড়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) ঘটে যাওয়া এই দুর্ঘটনার মুহূর্তটি তার সঙ্গে থাকা এক সহ-পর্বতারোহীর ক্যামেরায় ধরা পড়ে।
ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে নামছিলেন। নড়বড়ে পাথুরে অংশে পা রাখার সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে পাশের একটি পাথর ধরার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় এবং তিনি সরাসরি গভীর খাদে পড়ে যান।
আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সাইয়ো রোচা আগুইয়ার আরাবাল। তিনি এর আগে পাহাড়চূড়ায় উঠে ছবি তুলেছিলেন এবং পরে নামার সময় দুর্ঘটনার শিকার হন।
ধারণা করা হচ্ছে, নামার সময় ভুল পদক্ষেপের কারণে তিনি ভারসাম্য হারান। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, তিনি লাইসেন্সবিহীন একটি পর্বতারোহণ দলের সঙ্গে সেখানে গিয়েছিলেন।
দুর্গম ও বিপজ্জনক এই পাহাড়চূড়ায় প্রতিদিনই বহু পর্যটক ভিড় করেন ছবি ও ভিডিও ধারণের জন্য। তবে ঝুঁকিপূর্ণ ভূ-প্রকৃতির কারণে এখানে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালাতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। মরদেহ উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহারসহ গহীন বনাঞ্চল ও খাড়া পাহাড়ি পথ পাড়ি দিতে হয় উদ্ধারকারীদের।
স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তা ম্যাথিউস মৌরা বলেন, মরদেহ উদ্ধারে উদ্ধারকারীদের কঠিন বনাঞ্চল ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয়েছে এবং দড়ির সাহায্যে কাজ সম্পন্ন করা হয়। সূত্র: নিউইয়র্ক পোস্ট
ভোরের আকাশ/সু.পা