বাহরাইন-জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানে টানা ১৩তম দিনের মতো মার্কিন অভিযান চলার মধ্যেই বাহরাইন ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম এবং সেনাদের আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসন এলাকাও ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরান সতর্ক করে বলেছে, ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, এসব অভিযানের উদ্দেশ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি কমানো। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি জানান, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুজেস্তানের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় দুজন আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা