নেপালে বন্যায় ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছে। এরই মধ্যে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) সেখানে যেকোনো ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এশিয়ানেটের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং মাটি সরানোর ভারী যন্ত্রপাতিসহ বিমান বাহিনীর সি-১৭ ও সি-১৩০ দুটি বিমান নেপালে যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্দেশিত যেকোনও দায়িত্ব পালনের জন্য ভারতীয় বিমান বাহিনীও পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এছাড়া প্রতিবেশী দেশটিতে যেকোনও ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও (এনডিআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। দুর্গত এলাকাগুলোতে ১০০ জনেরও বেশি ভারতীয় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ভারত যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সীমান্তের তিব্বতীয় অংশ থেকে ধেয়ে আসা বন্যার পানিতে সৃষ্ট এই আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ বন্যায় বেশ কয়েকটি গ্রাম, বসতি, রাস্তাঘাট ও সেতু ভেসে গেছে।
জলবিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। নেপাল সেনাবাহিনী দুর্গত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা কর্মীদের মোতায়েন করেছে।
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকাগুলো থেকে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন, যার মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক এবং ৩৭ জন প্রবাসী ভারতীয়।
ভোরের আকাশ/এম