পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কমান্ডার গ্রেপ্তার

পাকিস্তানি এক নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ পড়ে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, ওই নারী পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্য এবং তিনি একটি বৃহৎ গুপ্তচর নেটওয়ার্কের অংশ।
শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৩০ মে ওই উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দিল্লির একটি আদালতে হাজির করা হলে আদালত তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর আওতায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি জামিনের আবেদনও করেননি।
ভারতীয় বিমানবাহিনী বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে। এরপর পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।
তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি ওই নারীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় পাইলটের। সে সময় তিনি ব্যক্তিগতভাবে মানসিক সংকটের মধ্যে ছিলেন। নিয়মিত বার্তা আদান-প্রদান ও ভিডিও কলে কথোপকথনের একপর্যায়ে তিনি সংবেদনশীল সামরিক তথ্য শেয়ার করেন বলে অভিযোগ উঠেছে।
তবে কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ভারতীয় গোয়েন্দাদের দাবি, ফাঁস হওয়া তথ্যগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে তদন্তকারীরা একটি মোবাইল অ্যাপ নিয়েও অনুসন্ধান করছেন। অভিযোগ রয়েছে, ওই উইং কমান্ডার তার এক সহকর্মীকে অ্যাপটি ইনস্টল করতে বলেছিলেন। তদন্তকারীদের ধারণা, ওই অ্যাপের মাধ্যমেই পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক তার মোবাইল ফোনে প্রবেশাধিকার পেয়েছিল।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো পুরো ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য গুপ্তচর চক্রের বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
ভোরের আকাশ/এনএ