হরমুজে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্র বলল ‘ডাহা মিথ্যা’

হরমুজ প্রণালিতে প্রবেশ করা একটি মার্কিন চালকবিহীন জাহাজে হামলার দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এই দাবি ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনার এটি সর্বশেষ ঘটনা।
এর ঠিক এক দিন আগেই মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জবাবে তিনটি ইরানি তেলের ট্যাংকারে আঘাত হানে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। জুনে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আলোচনা ভেস্তে যাওয়ায় থেমে থেমে সংঘাত চলছেই। এক মাস শান্ত থাকার পর গত সপ্তাহে দুই পক্ষ আবার সংঘাতে জড়ায়। সপ্তাহের শুরুতে দক্ষিণ ইরানে মার্কিন হামলায় অন্তত পাঁচজন নিহত হন।
পরিস্থিতি সামলাতে ট্রাম্প প্রশাসন দ্বিমুখী পথ বেছে নিয়েছে। সামরিক জবাবের পাশাপাশি তারা ইরানের অর্থ লেনদেনকারী বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা এড়িয়ে আসা ইরানের নতুন নেতারাও সহজে ছাড় দিতে নারাজ। তারা গোপন নৌবহরের মাধ্যমে ক্রেতাদের কাছে তেল বিক্রি করে নিজেদের অর্থনীতি সচল রাখছেন।
মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরেই এই সংঘাতের শুরু। চুক্তি না মানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এখন ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিতে চাইছে। বিপরীতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালিকে কাজে লাগিয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে ইরান।
ভোরের আকাশ/এনএস