ইসরায়েলের সামরিক ঘাঁটিতে লেবাননের তিন দফা হামলা

ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি পৃথক হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (৫ জুন) টেলিগ্রামে প্রকাশিত একাধিক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারা ওয়াদি আল-হুজাইর এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালায়। এলাকাটি উপকূলীয় শহর টাইর-এর পূর্বদিকে এবং লিতানি নদীর কাছাকাছি অবস্থিত।
এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা এবং শুক্রবার রাত সাড়ে ১২টার পর ইসরায়েল সীমান্তসংলগ্ন হাদ্দাথা শহরের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করে আরও দুটি গোলাবর্ষণ চালানোর দাবি করে সংগঠনটি।
হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, তিনটি হামলাই ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের পরপরই এসব হামলার ঘটনা ঘটে।
তবে হামলাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ইয়াহমার আল-শাকিফ এলাকার কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। এছাড়া রাশাফ এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথাও স্বীকার করেছে গোষ্ঠীটি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন-ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত থাকায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সূত্র : আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা