ইসরায়েলের নির্বাচনের ফলাফলে ‘কিছু যায় আসে না’: ইরান

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ইরানের কোনো মাথাব্যথা নেই এবং এতে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগের দিন, ২৬ অক্টোবর তেহরানে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন
বিশ্লেষকদের মতামত ও জনমত জরিপে আভাস পাওয়া গেছে, নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্বাচনের ফল নিয়ে তারা চিন্তিত নয়। এতে কিছু ‘আসে যায় না’।
বার্তাসংস্থা এএফপি ও ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ সম্মেলনে বলেন, ‘যে শাসকগোষ্ঠী আমাদের অঞ্চলে সহিংসতা ও গণহত্যা ছাড়া আর কিছুই আনেনি—তাদের নেতৃত্ব কারা গ্রহণ করল, তা নিয়ে আমাদের কিছুই আসে যায় না।’
বাঘাই বলেন, ‘সেখানে নির্বাচন হবে বলে আমার মনে হয় না।’
তার মতে, ইসরায়েলে ‘কে বেশি মানুষ হত্যা করতে পারে, তা নিয়ে বিভিন্ন ব্যক্তির মধ্যে প্রতিযোগিতা চলছে।’
তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ চালানো এবং সাজানো অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের ওপর দায় চাপানোর অভিযোগ আনেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে হামলা বন্ধ রেখেছে। এরপর দেশটিতে যুক্তরাষ্ট্রের আর কোনো হামলার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি আবারও ইরানে হামলা চালানোর হুমকি দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু বারবার বলেছেন, ইরানের হুমকি দূর করার একমাত্র উপায় দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করা।
রোববার ইসরায়েলের চ্যানেল ১৪-কে নেতানিয়াহু বলেন, ‘ইরানের শাসনব্যবস্থাকে উৎখাত করতে আমি মোসাদ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছি।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেন, নেতানিয়াহু ফাঁকা হুমকি দিচ্ছেন এবং তার এসব বক্তব্য মরিয়া হয়ে ওঠার ইঙ্গিত।
অন্যদিকে, মক্কা চুক্তির আওতাভুক্ত তিন দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা আজ ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
বাঘাই বলেন, ওই বৈঠকে ইসরায়েলের ‘সম্প্রসারণবাদী’ নীতি, লেবানন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জায়নবাদি শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসন এবং এর ফলে পুরো অঞ্চলে যে প্রভাব পড়েছে, তা বিবেচনায় না নিয়ে এ ধরনের বৈঠক হতে পারে না। এই বিষয়টি অবশ্যই বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি হবে।’
ভোরের আকাশ/আ.র