ইরাক সীমান্তে হামলা
ইরানে ৪৩ নিরাপত্তা সদস্য নিহতের দাবি

পশ্চিম ইরানের ইরাক সীমান্তবর্তী শহর মেহরানে এক হামলায় অন্তত ৪৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, সীমান্ত রেজিমেন্টের সদর দপ্তরে চালানো এ হামলায় নিহতদের বেশির ভাগই সীমান্তরক্ষী। হামলার সঙ্গে বোমাবর্ষণও যুক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, এই হামলায় দুর্ভাগ্যজনকভাবে ৪৩ জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন এবং আশপাশের কয়েকটি ভবনের অংশও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, এ ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’র এজেন্টরা চালিয়েছে। তবে এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা আরও বেড়েছে বলে দাবি করেছে স্থানীয়রা।
ভোরের আকাশ/নি