ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আমিরাতে ইসরায়েলি সেনা ঢুকেছিল : মার্কিন রাষ্ট্রদূত

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির সময় সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সেনারা অবস্থান করেছিল বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবি।
তিনি বলেন, ইরানের হামলা প্রতিহত করতে আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ পাঠিয়েছিল ইসরায়েল। সেই ব্যবস্থাগুলো পরিচালনার জন্য দেশটিতে ইসরায়েলি সেনাও মোতায়েন করা হয়েছিল।
২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে চারটি মুসলিম দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতও ছিল। ওই চুক্তির কারণেই আমিরাতকে ইরানের হামলা থেকে রক্ষা করতে ইসরায়েলি সেনা সেখানে পাঠানো হয়েছিল বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।
মঙ্গলবার (১২ মে) এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করি। তারা আব্রাহাম চুক্তির প্রথম সদস্য। এই চুক্তিতে যুক্ত হওয়ার ফলে তারা যেসব সুবিধা পেয়েছে, তার একটি উদাহরণ হলো—ইসরায়েল এখানে আয়রন ডোম ব্যাটারি এবং সেগুলো পরিচালনার জন্য সেনা মোতায়েন করেছে।”
তার এই বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামরিক সহযোগিতার গভীরতা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে।
মাইক হুকাবি আরও বলেন, তার বিশ্বাস মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে বাহরাইনও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পরে এতে যুক্ত হয় মরক্কো ও সুদান।
২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও এই চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কাছাকাছি পৌঁছেছিল। তবে একই বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালালে এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হলে সৌদি আরব ওই প্রক্রিয়া থেকে সরে আসে। সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/সু.পা