হরমুজকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানো হবে : মোহসেন রেজায়ি

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এবার এই গুরুত্বপূর্ণ জলপথে অবস্থান নেওয়া মার্কিন বাহিনীকে সরাসরি হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি মার্কিন বাহিনীকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছেন।
তিনি বলেন, বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মূলত এক ধরনের ‘আধুনিক জলদস্যু’। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিকে মার্কিন রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করা হতে পারে। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা চাইলে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে সক্ষম।
গত মাসে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যৎ ক্ষতির জন্য প্রস্তুত থাকতে হবে। ওই ঘটনার ধ্বংসাবশেষ ইসফাহানে পড়ে থাকার কথাও তুলে ধরেন তিনি। এদিকে আইআরজিসির গোয়েন্দা শাখা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। তারা দাবি করেছে, ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের জন্য তেহরান একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। সূত্র: এএফপি, আল জাজিরা।
ইরানি পক্ষ আরও বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া এবং ইউরোপের কিছু দেশের অবস্থান আগের তুলনায় ভিন্ন হতে শুরু করেছে বলে দাবি করা হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এই ধরনের হুমকি ও পাল্টা বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৃহত্তর সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভোরের আকাশ/সু.পা