বিশ্ববাজারে তেলের দাম কমেছে ৫ শতাংশের বেশি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে— এমন জল্পনা ও গুঞ্জন জোরালো হওয়ায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রিনিচ মান সময় (GMT) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে আসে।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়তে পারে। সেই সম্ভাবনাই বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামে।
ভোরের আকাশ/সু.পা