আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) ভোরে কাবুলের আর্গান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর— এবিসি নিউজ।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলের পথে আসছিল বাসটি। পথে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।
উদ্ধারকাজে স্থানীয়রা ও কর্তৃপক্ষ অংশ নেয়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ জন প্রাণ হারিয়েছিলেন। পরপর এমন দুর্ঘটনায় দেশটিতে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভোরের আকাশ//হ.র