বেলুচিস্তান কি পাকিস্তান থেকে আলাদা হচ্ছে? স্বাধীনতার দাবিতে তোলপাড়

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বাধীনতার ঘোষণা’ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দেশটির নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতের মধ্যেই ‘রিপাবলিক অব বেলুচিস্তান’ নামে একটি কথিত স্বাধীনতার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারিত ওই বিবৃতিতে দাবি করা হয়েছে—বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে এবং অঞ্চলটির ৮৫ শতাংশ ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে আল-জাজিরা, রয়টার্স ও এপিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই দশক ধরে বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহ ও রাজনৈতিক অস্থিরতা চলছে। চলতি জুলাই মাসে বিচ্ছিন্নতাবাদীদের হামলা এবং তা দমনে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ৬ জুলাই থেকে এ পর্যন্ত তিনটি বড় হামলায় অন্তত ৪২ জন পুলিশ ও সেনাসদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জুলাই মাঙ্গি ড্যাম এলাকায় এক হামলায় ২৭ জন পুলিশ সদস্য নিহত হন। পরে ‘শাবান’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে পাকিস্তান, যেখানে শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে বলে তাদের দাবি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বেলুচিস্তান নতুন জাতীয় পতাকা, প্রশাসনিক কাঠামো, জাতীয় সংগীত ও নিজস্ব মুদ্রা চালু করেছে। পাশাপাশি গ্যাসক্ষেত্র, স্বর্ণ-তামার খনি এবং কয়লাখনির নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেলুচিস্তানের নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বেসামরিক প্রশাসন মিলিয়ে পাঁচ লাখ সদস্যের একটি বাহিনী গঠন করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চাওয়া হয়েছে।
তবে এসব দাবির কোনোটি এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে বেলুচ নেতা মির ইয়ার বেলুচ দাবি করেছেন, শুধু সশস্ত্র যোদ্ধারাই নন, সাধারণ মানুষও এখন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। তার ভাষ্য, ধীরে ধীরে অঞ্চলটির নিয়ন্ত্রণ হারাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার দাবির পর নতুন করে প্রশ্ন উঠেছে—বেলুচিস্তানের চলমান সংকট পাকিস্তানের জন্য আরেকটি বড় রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের ইঙ্গিত দিচ্ছে কি না। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনএ