গাজায় ইসরাইলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর—বিবিসি ও আলজাজিরা।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, প্রথমে হাসপাতালে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়। এরপর আহতদের সরিয়ে নেওয়ার সময় আবার বিমান হামলা হয়। এতে পাঁচ সাংবাদিক, প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যসহ মোট ২০ জন প্রাণ হারান।
আলজাজিরা এক বিবৃতিতে তাদের নিহত সাংবাদিকদের জন্য গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটির ফটোসাংবাদিক মোহাম্মদ সালামা এই হামলায় নিহত হন। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তাদের হয়ে কাজ করা ৩৩ বছর বয়সী ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়াম দালা প্রাণ হারিয়েছেন। যদিও নিহত হওয়ার সময় তিনি কোনো অ্যাসাইনমেন্টে ছিলেন না।
রয়টার্স এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় তাদের কন্ট্রাক্টর হুসাম আল-মাসরি নিহত এবং আরেক কন্ট্রাক্টর হাতেম খালেদ আহত হয়েছেন। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট আরও দুজন নিহত সাংবাদিকের নাম প্রকাশ করেছে—মোয়াজ আবু তাহা এবং আহমেদ আবু আজিজ।
গণমাধ্যম পর্যবেক্ষকদের মতে, ইসরাইল ও হামাসের মধ্যে চলমান প্রায় দুই বছরের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ২০০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সোমবার নাসের হাসপাতাল এলাকায় তাদের সেনারা হামলা চালিয়েছে। চিফ অব জেনারেল স্টাফ দ্রুত প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর দাবি, তারা সাংবাদিকদের টার্গেট করে না এবং নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করছে।
ভোরের আকাশ//হ.র