গাজায় ভয়াবহ খাদ্যসংকট, ময়লার ভাগাড়ে খাবার খুঁজছেন মানুষ

ইসরায়েলের দীর্ঘ অবরোধ ও ত্রাণ সহায়তায় বাধার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট। মানবিক সহায়তা সীমিত হওয়ায় অনেক পরিবার বাধ্য হয়ে ময়লার ভাগাড়ে খাবার খুঁজছেন—একটি মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর আলোকচিত্রী দাউদ আবু আলকাসের তোলা ছবিতে দেখা গেছে, ক্ষুধার্ত শিশু ও প্রাপ্তবয়স্করা ময়লার স্তূপে খাবারের খোঁজ করছেন। বিমান থেকে খাবার ফেলার পরও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল রয়ে গেছে।
খাদ্য, ওষুধ ও পানি সংকটে ভোগা গাজাবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেও, ত্রাণবাহী ট্রাকগুলো ইসরায়েলি চেকপয়েন্টে আটকে থাকার কারণে কার্যকর সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। যুদ্ধের ভয়াবহতা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির জন্য একাধিকবার আলোচনা হয়েছে, তবে কোনো চুক্তি সফল হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুঁয়ে মনোভাবের কারণে চুক্তি ভেস্তে যাচ্ছে। অন্যদিকে, হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন সব শর্ত দিচ্ছে যা বাস্তবায়ন করা সম্ভব নয়। সংগঠনটি আরও জানিয়েছে, যতদিন না গাজার মানবিক পরিস্থিতির উন্নয়ন ঘটে, ততদিন তারা কোনো নতুন আলোচনায় বসবে না।
সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ//হ.র