সীমান্ত দেয়াল নির্মাণে যুক্তরাষ্ট্রকে একহাত নিল মেক্সিকো

মেক্সিকো সীমান্তে নতুন দেয়াল নির্মাণের অনুমোদন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সমালোচনার মুখে পড়েছেন। সীমান্ত সুরক্ষার নামে নেয়া এই একতরফা সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো সরকার।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লউদিয়া শেইনবাউম শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে সীমান্ত দেয়ালের নতুন অংশ নির্মাণের সঙ্গে মেক্সিকো কোনোভাবেই জড়িত নয়। তিনি বলেন, “তারা নিজেরাই এই প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা দেয়াল সমর্থন করি না। আমাদের লক্ষ্য সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ সীমান্ত নিশ্চিত করা।”
শেইনবাউম এ প্রকল্পকে মার্কিন সরকারের একতরফা পদক্ষেপ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন, “আমরা উন্নয়নভিত্তিক সহযোগিতায় বিশ্বাস করি এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকান নাগরিকদের মর্যাদা রক্ষা করাকেই অগ্রাধিকার দিই।”
জানা গেছে, ট্রাম্প প্রশাসন নিউ মেক্সিকোর সান্তা তেরেসা ও মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের মধ্যবর্তী সীমান্তে ৯.৬ কিলোমিটার দীর্ঘ এবং ৯ মিটার উঁচু একটি নতুন দেয়াল নির্মাণ শুরু করেছে। এটি পূর্ববর্তী ৫.৫ মিটার উঁচু পুরনো দেয়ালের পেছনে নির্মিত হচ্ছে।
এ উদ্যোগকে কেন্দ্র করে মার্কিন-মেক্সিকো কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিনহুয়া
ভোরের আকাশ//হ.র