যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানের পাল্টা হামলাও বন্ধ থাকবে

টানা ১৩ দিনের পাল্টাপাল্টি হামলার পর আপাতত সামরিক সংঘাত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতদিন তাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কোনো পাল্টা হামলা চালাবে না। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ক্ষমতাসীন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
শনিবার ও রোববার রাতে ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সময়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান। এর আগে টানা ১৩ রাত ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছিল।
রয়টার্সকে ওই ইরানি কর্মকর্তা বলেন, "যুদ্ধ শুরুর পর থেকেই ইরান 'হামলার জবাবে হামলা' নীতি অনুসরণ করে আসছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বিষয়ে ওয়াশিংটনকে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে।"
দীর্ঘদিন ধরে চলা পরমাণু কর্মসূচি-সংক্রান্ত উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তবে সংঘাতের বর্তমান পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি।
যুদ্ধ শুরুর পরপরই হরমুজ প্রণালিতে চলাচলে বাধা দেয় তেহরান। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। কারণ, বৈশ্বিক জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়ে থাকে। ইরানের দাবি, হরমুজ প্রণালি তাদের ভূখণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এখন থেকে এই পথ ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজকে টোল দিতে হবে।
তবে ইরানের এ অবস্থানের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এই বিরোধের মধ্যেই দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপরই নতুন করে শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরানের টানা হামলা-পাল্টা হামলা।
এদিকে দুই দিনের এই হামলা বিরতি নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্য মাইক ওয়াল্টজ বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফক্স নিউজ সানডেকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিকে আরও কিছুটা সুযোগ দিতে চান। এ কারণেই হামলায় বিরতি দেওয়া হয়েছে।" সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/সু.পা