শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, গায়েব ২৫ লাখ ডলার

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার চুরি করেছে হ্যাকাররা। চুরি হওয়া এই অর্থ অস্ট্রেলিয়ার একটি দ্বিপক্ষীয় ঋণ পরিশোধের অংশ ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ অর্থ পরিশোধ করার কথা ছিল। ঘটনায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সরকারি কর্মকর্তাদের ধারণা, গত জানুয়ারি মাসে এই সাইবার হামলার ঘটনা ঘটে। তবে বিষয়টি এতদিন অপ্রকাশিত ছিল। পরে তদন্তে ঘটনাটি সামনে আসে।
অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষণা সুরিয়াপ্পেরুমা জানিয়েছেন, শ্রীলঙ্কা নির্ধারিত অর্থ পরিশোধের জন্য আগেই অর্থ পাঠিয়েছিল। কিন্তু সাইবার অপরাধীরা মাঝপথে সেই অর্থ আটকে দিয়ে প্রকৃত গ্রাহকের পরিবর্তে অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করে নেয়।
ঘটনার পর সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হ্যাকারদের শনাক্ত করতে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাওয়া হচ্ছে।
কীভাবে এই অর্থ চুরি হলো তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সার্বভৌম ঋণ পরিশোধ প্রক্রিয়ার ই-মেইল নির্দেশনায় কারসাজি করে সাইবার অপরাধীরা অর্থ অন্যত্র সরিয়ে নেয়।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অর্থ না পাওয়ার পর বিষয়টি প্রথম নজরে আসে। এরপর শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।
শ্রীলঙ্কার উপ-অর্থমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো জানিয়েছেন, একই ধরনের কৌশলে ভারতের জন্য নির্ধারিত অর্থও হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। ব্যাংক হিসাবের তথ্যে অসঙ্গতি ধরা পড়লে সন্দেহ তৈরি হয় এবং তখনই পুরো চুরির ঘটনা প্রকাশ পায়।
এই সাইবার হামলা শ্রীলঙ্কার জন্য নতুন এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মাত্র চার বছর আগে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছিল, যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যে নেমে গিয়েছিল এবং দেশটি ঋণখেলাপি ঘোষণা করতে বাধ্য হয়।
কলম্বোতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ম্যাথিউ ডাকওয়ার্থ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি আরও বলেন, তদন্তে তারা সহায়তা করছে।
এএফপির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতেই সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছিল। তার মধ্যেই খোদ অর্থ মন্ত্রণালয়ে এই বড় ধরনের চুরির ঘটনা ঘটল।
ভোরের আকাশ/সু.পা