ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি
বাব আল-মানদাব বন্ধ করলে ‘কেউ খুলতে পারবে না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি অব্যাহত রাখলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুতি প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি বলেছেন, তারা যদি প্রণালিটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে “পুরো মানবজাতি ও জ্বিন মিলেও এটি পুনরায় খুলতে পারবে না।” রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
বাব আল-মানদাব প্রণালি বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এই পথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেলসহ বিভিন্ন পণ্য ইউরোপ ও অন্যান্য অঞ্চলে পৌঁছে থাকে।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হুমকি এসেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে লোহিত সাগরপথের গুরুত্ব আরও বেড়েছে। সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো এই রুট ব্যবহার করে জ্বালানি রপ্তানি করে থাকে।
উল্লেখ্য, প্রায় ২৯ কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ প্রণালিটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক জাহাজ চলাচল করে। ফলে এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ভোরের আকাশ/সু.পা