পিছিয়েছে খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান

ইরানের রাজধানী তেহরানের মেয়র আলীরেজা জাকানি জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সরকার জানিয়েছিল, আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম ১০ দিনের মধ্যেই সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী চলতি জুন মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান মহররমের দ্বিতীয় ১০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে এটি ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে হতে পারে বলে জানানো হয়েছে।
মেয়র আলীরেজা জাকানি জানান, পবিত্র আশুরা উপলক্ষে সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহররমের ১০ তারিখ বা আশুরা একটি গুরুত্বপূর্ণ শোকের দিন। প্রায় ১ হাজার ৪০০ বছর আগে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত স্মরণে এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়, বিশেষ করে শিয়াপন্থি মুসলিমদের মধ্যে।
এর আগে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে খামেনির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। এরপর থেকেই তার রাষ্ট্রীয় শোক ও দাফন আয়োজন ঘিরে নানা প্রস্তুতি চলছিল।
ইরান সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের মাধ্যমে খামেনির দাফন সম্পন্ন করা হবে এবং এ উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড
ভোরের আকাশ/সু.পা