বিজেপির প্রতি ৬ জন এমপির একজন ‘ভোট চোর’: রাহুল গান্ধির

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোকসভা নির্বাচনের জয়ের পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি। তার দাবি, লোকসভার বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির ২৪০ জন সংসদ সদস্যের মধ্যে প্রতি ছয়জনের একজন ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন।
রাহুল গান্ধি অভিযোগ করেন, লোকসভায় বিজেপির ২৪০ জন এমপির মধ্যে প্রায় প্রতি ষষ্ঠ জনই ভোট চুরির মাধ্যমে আসন পেয়েছেন। বিজেপির নিজস্ব পরিভাষা ব্যবহার করে তিনি এই সংসদ সদস্যদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যা দেওয়ার প্রশ্নও তোলেন।
তিনি শুধু সংসদ সদস্যদের নয়, হরিয়ানার বর্তমান পুরো সরকারকেও ‘অনুপ্রবেশকারী’ হিসেবে অভিহিত করেন। রাহুল গান্ধির দাবি, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে ভোটার তালিকায় কারচুপি ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে, যা মূলত ‘রিমোট কন্ট্রোল’-এর মাধ্যমে নিয়ন্ত্রিত।
কংগ্রেসের এই শীর্ষ নেতা আরও বলেন, শাসক দল সত্যকে ভয় পায়। তার মতে, দেশে যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে বিজেপি এককভাবে ১৪০টির বেশি আসনও জিততে পারত না।
ভোরের আকাশ/সু.পা