গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বৃদ্ধি করেছে মিসর। ইসরায়েল গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন পরিস্থিতিতে কায়রোর আশঙ্কা, বিপুলসংখ্যক গাজাবাসী মিসরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে দেওয়া সাক্ষাৎকারে মিসরের এক সামরিক কর্মকর্তা জানান, বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন রয়েছে। এটি ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তিচুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি।
কর্মকর্তা বলেন, “গত কয়েক বছরের মধ্যে আমরা মিসরের সেনাবাহিনীকে এত উচ্চমাত্রার সতর্কাবস্থায় কখনো দেখিনি।”
জানা গেছে, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির প্রত্যক্ষ নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পরই তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন।
সূত্র মতে, বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে সেনারা অবস্থান নিয়েছে। বিশেষত গাজা সীমান্তবর্তী ‘জোন সি’ এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী ও এম-৬০ যুদ্ধট্যাংকও স্থাপন করা হয়েছে।
কায়রো জানিয়েছে, সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে অবহিত করা হয়েছে এবং এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে সতর্ক করে দেওয়া হয়েছে, ইসরায়েল যদি মিসরের ভেতরে কোনো হামলা চালায়, তার কঠোর জবাব দেওয়া হবে।
এদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনায় কায়রো কোনো সহায়তা করবে না; বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে।
সূত্র : মিডল ইস্ট আই
ভোরের আকাশ//হ.র