বিজেপিকে হারাতে কংগ্রেসই একমাত্র শক্তি : রাহুল গান্ধী

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ শুরুর আগে রাজ্যবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি ওই বার্তা পোস্ট করে লেখেন, “পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা, এই আদর্শের লড়াইয়ে একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। ওরা (বিজেপি) অধিকার কেড়ে নেয়, আমরা দিই। ওরা সংবিধান ধ্বংস করে, আমরা রক্ষা করি।”
তিনি আরও বলেন, “ওরা ভারতের বৈচিত্র্য মুছে ফেলতে চায়, আমরা বাংলাসহ প্রতিটি সংস্কৃতি ও প্রতিটি ভাষাকে সম্মান করি।” পাশাপাশি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করেও বিজেপির কড়া সমালোচনা করেন তিনি।
চলতি সপ্তাহে শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং কলকাতায় তার একাধিক জনসভা করার কথা রয়েছে। তবে এসব সভার অনুমতি পাওয়া নিয়ে সমস্যার অভিযোগও তুলেছেন তিনি।
এদিকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি ভোটারদের উদ্দেশে লেখেন, “আপনারা গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে তরুণ প্রজন্ম ও পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন।” খবর: বিবিসি।
বৃহস্পতিবার কৃষ্ণনগর ও মথুরাপুরে প্রধানমন্ত্রী মোদীর দুটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বিকেলে হাওড়ায় একটি রোড শো করারও পরিকল্পনা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা