সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরের ব্যয় নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে, মাত্র ১২ ঘণ্টা সৌদিতে অবস্থানের জন্য মোদি ১৫ কোটি রুপি খরচ করেছেন।
কেরালার কংগ্রেস জানায়, মহারাষ্ট্রভিত্তিক অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির এই সফরের খরচ জানতে চেয়েছিলেন। তার প্রশ্নের জবাবে সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, মোদি সৌদিতে আসার পর মোট খরচ হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি। এর মধ্যে হোটেল খরচই প্রায় ১০ কোটি রুপি।
কংগ্রেসের মতে, সফরের প্রতিঘণ্টায় খরচ হয়েছে ১ দশমিক ২৫ কোটি রুপি, এবং শুধুমাত্র হোটেল ভাড়ায় খরচ হয়েছে ১০ দশমিক ২ কোটি রুপি।
চলতি বছরের এপ্রিলেই মোদি সৌদিতে সফর করেন। সে সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর তিনি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন।
অধিকারকর্মী অজয় বসুদেব বোস বলেছেন, “কেবল কয়েক ঘণ্টার জন্য অস্বাভাবিক এই খরচ চমকে দেয়। কেন্দ্র সরকার হোটেলের জন্য ১০ কোটি রুপি খরচ করেছে। মোদিকে কি কেউ এই অতিরিক্ত খরচের বিষয়ে প্রশ্ন করবে?”
ভোরের আকাশ/হ.র