ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঠেকাতে ঠেকাতে ৯ সহস্রাধিক পুলিশ মোতায়েন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘোষণার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।
সাম্প্রতিক এক জনমত জরিপে প্রেসিডেন্ট প্রাবোওর জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়ার পর এ বিক্ষোভের ঘোষণা এসেছে। ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা জানিয়েছেন, সাম্প্রতিক দাবানল ও শেয়ারবাজারের ধসের প্রতিবাদে তাঁরা রাস্তায় নামবেন। তাঁদের মতে, শেয়ারবাজারের পতন এবং ইন্দোনেশীয় রুপিয়ার মূল্যহ্রাস জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার লক্ষণ। তবে বিক্ষোভে কতজন অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও ইন্দোনেশিয়ায় ক্ষোভ বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনও প্রতিবাদে সরব হয়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি প্রধান স্মৃতিস্তম্ভে ব্যানার ঝুলিয়েছে। এতে লেখা ছিল, ‘জলবায়ু সংকট মোকাবিলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।’
২০২৪ সালের ২০ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক সেনা কর্মকর্তা প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হলেও বর্তমানে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি। তাঁর উচ্চাভিলাষী ও জনতুষ্টিবাদী কর্মসূচিগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে বিরোধীদের পাশাপাশি সমর্থকদের একাংশের মধ্যেও উদ্বেগ রয়েছে।
ইন্দোনেশিয়ার জরিপ সংস্থা সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে প্রাবোওর অনুমোদনের হার কমছে। গত বছরের নভেম্বরে তাঁর অনুমোদনের হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ। তবে চলতি বছরের অক্টোবরের জরিপে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। জরিপের এই ফলাফলকে তাঁর ক্ষমতা গ্রহণের পর সর্বনিম্ন অনুমোদনের হার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত আগস্টে ইন্দোনেশিয়ায় বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। সে সময় কয়েকশ মানুষকে আটক করা হয়। ২০২৫ সালে পুলিশের হাতে এক মোটরসাইকেল ট্যাক্সিচালক নিহত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই অস্থিরতায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে।
প্রেসিডেন্টের ক্ষমতার দুই বছর পূর্তিতে ঘোষিত নতুন বিক্ষোভ কর্মসূচি ঘিরে তাই জাকার্তায় নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/সু.পা