ইরান শান্তি চায়, পারমাণবিক অস্ত্র নয় : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও অভিপ্রায় নেই বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না, এমন কোনও উদ্দেশ্য আমাদের নেই।” তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
সোমবার (১৬ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’-র বরাতে আল জাজিরা জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই মন্তব্য করেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, “হত্যা, হামলা আর গুপ্তহত্যা চালিয়ে যদি কেউ মনে করে ইরানকে থামিয়ে দেওয়া যাবে, তারা মারাত্মক ভুল করছে। একজন শহীদ পতাকা ফেললে শত শত নতুন বীর তা তুলে নেয়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।”
পেজেশকিয়ান আরও জানান, ইরান একটি আগ্রাসী রাষ্ট্র নয় এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “পশ্চিমারা যে অভিযোগ করছে আমরা পারমাণবিক অস্ত্র চাই, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের উদ্দেশ্য কেবল শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক প্রয়োজনে পারমাণবিক শক্তি ব্যবহার।”
তিনি বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈজ্ঞানিক অগ্রগতি ও জ্বালানি উৎপাদনের জন্য প্রয়োজন। এটা আমাদের বৈধ অধিকার, এবং এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব।”
ইরান-ইসরায়েল টানাপড়েন ও আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের এই অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
ভোরের আকাশ//হ.র