ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির

মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান।
পাকিস্তানের সরকারি দুটি সূত্রও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে অসীম মুনিরের ইরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, সোমবার (২৪ আগস্ট) তেহরান সফরে যাবেন পাকিস্তানের সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ রাখছে পাকিস্তান।
অন্য একটি সূত্র জানিয়েছে, বৈঠকে সাম্প্রতিক সংঘাতের পাশাপাশি ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়েও আলোচনা হতে পারে।
সূত্রটি আরও জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ইরানের নেতাদের সঙ্গে ইসলামাবাদ চুক্তি, ট্রাম্পের সতর্কবার্তা, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুথিদের সঙ্গে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করবেন।
ইরানের ভঙ্গুর অর্থনীতির ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নিষেধাজ্ঞার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর হতে যাচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) মার্কিন সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা এটিকে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা হিসেবে অভিহিত করেছেন। ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, কোনো দেশ ইরানকে সহায়তা করলে বা নিষেধাজ্ঞা এড়িয়ে চলার সুযোগ করে দিলে তাকেও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।
এদিকে হরমুজ প্রণালিতে জ্বালানি তেল পরিবহন কার্যত ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করা অননুমোদিত তেলবাহী ট্যাঙ্কারগুলোতে হামলার হুমকি দেওয়ায় সেখানে অচলাবস্থা তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স।
ভোরের আকাশ/সু.পা