ইরানি টিভি উপস্থাপিকা সাহার এমামিকে পুরস্কৃত করল ভেনেজুয়েলা

ইসরায়েলি হামলার সময় সাহসিকতার সঙ্গে সম্প্রচারে যুক্ত থাকার জন্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপিকা সাহার এমামিকে পুরস্কৃত করেছে ভেনেজুয়েলা সরকার। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁকে ‘সিমন বলিভার সাংবাদিকতা পুরস্কারে’ ভূষিত করেন।
গত ১৬ জুন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে লাইভ সম্প্রচারের সময় দখলদার ইসরায়েলের হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় টিভি চ্যানেলটির কার্যক্রম। ওই সময় স্টুডিওতে সরাসরি অনুষ্ঠান উপস্থাপন করছিলেন সাহার এমামি। পরে টিভি চ্যানেলটি ফিরে আসে তাঁর মাধ্যমেই, যেখানে তিনি আবারও সংবাদ পাঠ করে সম্প্রচারের নতুন যাত্রা শুরু করেন।
ভেনেজুয়েলার জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে ইরানি এই উপস্থাপিকার পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত আইআরআইবি সাংবাদিকদের সম্মানেও ‘সিমন বলিভার’ পুরস্কার প্রদান করা হয়। সাহার এমামির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
পুরস্কার ঘোষণার সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, “ইসরায়েল প্রতিদিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করছে, অথচ পশ্চিমা বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে।” একইসঙ্গে তিনি ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং সরকার ও নেতৃত্বের সাহসিকতা ও স্থিরতার ভূয়সী প্রশংসা করেন।
মাদুরো আরো বলেন, “ইরানের সাংবাদিকরা কেবল তথ্য পরিবেশনের জন্য জীবন দিচ্ছেন। আমরা তাদের সাহস ও পেশাদারিত্বকে সম্মান জানাতে চাই।”
ভোরের আকাশ//হ.র