শিয়া মিলিশিয়া নেতাকে ধরতে ১ কোটি ডলার ঘোষণা ওয়াশিংটনের

ইরাকভিত্তিক ইরান সমর্থিত একটি শক্তিশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের বিষয়ে তথ্য দিলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, হাশিম ফিনিয়ান রহিম আল-সরাজি নামের ওই ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদান করলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
ওয়াশিংটনের দাবি, আল-সরাজি ‘কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা’ (কেএসএস) নামের একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন, যাকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ অনুযায়ী, এই গোষ্ঠীর সদস্যরা ইরাকে সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং দেশটিতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনে একাধিক আক্রমণের সঙ্গে জড়িত। এছাড়া ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করেও নিয়মিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। সূত্র: দ্য গার্ডিয়ান
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে ইরাককে একটি গুরুত্বপূর্ণ সংঘাতক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরাকের শিয়া জনগোষ্ঠীর মধ্য থেকে এসব মিলিশিয়া সদস্য নিয়োগ করা হয় এবং তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নির্দেশনায় কাজ করে থাকে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই গোষ্ঠীগুলোর শীর্ষ নেতৃত্বকে শনাক্ত ও দুর্বল করতে পারলে ইরানের প্রভাব কমানো সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, আল-সরাজির তথ্যের জন্য এই বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণা ইরাকের ভেতরে ইরানপন্থি মিলিশিয়াদের কার্যক্রমে চাপ সৃষ্টি করার একটি কৌশল। একই সঙ্গে এটি তাদের নেতৃত্বকে বিচ্ছিন্ন করারও প্রচেষ্টা।
বর্তমান পরিস্থিতিতে আল-সরাজিকে আটক বা নির্মূল করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষা ও মার্কিন ঘাঁটিতে হামলা ঠেকাতে ভবিষ্যতে ওয়াশিংটন আরও নিষেধাজ্ঞা ও পুরস্কার ঘোষণা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা