এয়ার ইন্ডিয়ার ফের যান্ত্রিক ত্রুটি, নয়াদিল্লি-লন্ডন ফ্লাইট বাতিল

ভারতের ফ্ল্যাগশিপ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন বাতিল করেছে। লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার পরপরই নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, এআই২০১৭ নম্বর ফ্লাইটটি ৩১ জুলাই দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করলেও, উড্ডয়নের সময় ককপিটে বসে থাকা পাইলটরা ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে তারা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উড্ডয়ন বাতিল করেন এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন।
ঘটনার পরপরই যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু সময়ের মধ্যেই বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে যাত্রীদের লন্ডনের উদ্দেশে পাঠানো হয়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান,“৩১ জুলাই দিল্লি থেকে লন্ডনগামী এআই২০১৭ নম্বর ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই ফ্লাইটের যাত্রী ও ক্রুদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। বর্তমানে ত্রুটিযুক্ত বিমানটির পরীক্ষা চলছে।”
এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক ত্রুটির ঘটনা নতুন নয়। মাত্র দেড় মাস আগেই, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করা একটি ফ্লাইট মেঘানিনগরে আছড়ে পড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিমানে থাকা ২৩০ যাত্রীর মধ্যে মাত্র একজন বেঁচে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২৬০টি মরদেহ—যা ভারতের অন্যতম সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
এই দুর্ঘটনার পর গত এক মাসে এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইটে যান্ত্রিক বিভ্রাট দেখা গেছে। এর ফলে বহু ফ্লাইট বাতিল হয়েছে এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে এয়ার ইন্ডিয়াকে একাধিকবার সতর্ক করেছে। যান্ত্রিক ত্রুটি রোধে কঠোর নিরাপত্তা পরীক্ষা এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: ফার্স্টপোস্ট
ভোরের আকাশ//হ.র