পশ্চিমবঙ্গে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে শুক্রবার (৯ অক্টোবর) ভোরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। জাতীয় সড়ক-১২ এর ভিটি এলাকায় মুরগিবাহী একটি মিনি-ট্রাক (পিকআপ) দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি বড় ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মালদা জেলার কালিয়াচক থানার ভাগলপুর এলাকার হাসনাত আলি (১৫), মোহাম্মদ রমজান মমিন (২৮), মোহাম্মদ মোস্তফা আনসারী (১৮) ও সাহেল আনসারী (১৭)। পিকআপ ভ্যানের চালক সোহেল আক্তার (৩১)। তার বাড়ি একই থানার কাশিমনগর এলাকায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যানে করে মালদার কালিয়াচক থেকে মুরগি নিয়ে শিলিগুড়িতে গিয়েছিলেন তারা। সেখানে পণ্য খালাস করে চার শ্রমিককে নিয়ে বাড়ি ফিরছিলেন চালক। শুক্রবার ভোরে বাঙ্কা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ট্রাফিক পুলিশ দূরপাল্লার যানবাহনগুলোকে রায়গঞ্জ শহরসংলগ্ন পুরোনো জাতীয় সড়ক দিয়ে চলাচলের ব্যবস্থা করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
ভোরের আকাশ/আ.র