ইরান ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে রাজী নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় তিনটি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাব, নৌ অবরোধ এবং ধারাবাহিক হুমকিকে আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পেজেশকিয়ান বলেন, “বিশ্ব ইতোমধ্যে দেখেছে, আপনাদের বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে স্পষ্ট দ্বৈততা রয়েছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কখনোই আলোচনার বা সমঝোতার বিরোধী ছিল না।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও ইরান-যুক্তরাষ্ট্রের নির্ধারিত আলোচনা স্থগিত হয়ে যায়। চলতি সপ্তাহে পাকিস্তানে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে তিনি যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন এবং তিনি চান ইরান একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করুক। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি। ইরান সম্প্রতি এমএসসি ফ্রান্সেসকা, এপামিনোন্দাস ও ইউফোরিয়া নামে তিনটি জাহাজ জব্দ করেছে বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নৌ অবরোধ বজায় রেখেছে।
ভোরের আকাশ/সু.পা