৬০ দিনের মধ্যে শিক্ষাঙ্গনে রাজনীতি বাতিল করবে নেপাল

শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শিক্ষার মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নেপাল সরকার। দেশটির স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো থেকে আগামী ৬০ দিনের মধ্যে রাজনৈতিক দল-সমর্থিত সকল ছাত্র সংগঠন বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) নেপাল নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ঘোষিত ১০০ দফার সুশাসন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে একাডেমিক পরিবেশ ও শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অচলাবস্থা থেকে উত্তরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ সুগম করতেই এই কঠোর উদ্যোগ।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দলীয় ছাত্রসংগঠনগুলোর বর্তমান কাঠামো পুরোপুরি সরিয়ে ফেলা হবে। তবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরবর্তী ৯০ দিনের মধ্যে গঠন করা হবে ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা শিক্ষার্থী সংসদ। এটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক এবং অন্তর্ভুক্তিমূলক একটি কাঠামো, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি ও মতামত তুলে ধরার সুযোগ পাবে।
নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আমূল পরিবর্তনের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুস্থ একাডেমিক পরিবেশ তৈরি হবে। এতে দলীয় লেজুড়বৃত্তি বন্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/এনএস