যুক্তরাষ্ট্রে গবাদি পশুর শরীরে পরজীবী, দুর্যোগ পরিস্থিতি ঘোষণা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়ংকর মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’-এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সেখানে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে টেক্সাস থেকে গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।
কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সি (সিএফআইএ) জানিয়েছে, সীমান্ত অতিক্রমের আগের ২১ দিনের মধ্যে টেক্সাসে অবস্থান করা গরু ও ঘোড়া আপাতত কানাডায় প্রবেশ করতে পারবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) টেক্সাসে দ্বিতীয় একটি বাছুরের শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ পরজীবীর উপস্থিতি শনাক্ত হওয়ার তথ্য প্রকাশ করে।
সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবার টেক্সাসে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেন গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি সাংবাদিকদের বলেন, গ্রীষ্মজুড়ে এই সংক্রমণ আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ এক ধরনের পরজীবী মাছি। স্ত্রী মাছি জীবিত উষ্ণ রক্তের প্রাণী বা মানুষের খোলা ক্ষত এবং শ্লেষ্মা ঝিল্লিতে ডিম পাড়ে।
ডিম থেকে বের হওয়া লার্ভা মাংসের ভেতরে প্রবেশ করে জীবন্ত টিস্যু খেতে থাকে। সময়মতো চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
মার্কিন কর্মকর্তারা জানান, গত বুধবার প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো টেক্সাসে এই পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরের লা প্রাইর এলাকায় তিন সপ্তাহ বয়সী একটি বাছুরের নাভির অংশে লার্ভা পাওয়া যায়।
এর দুই দিন পর শুক্রবার জাভালা কাউন্টিতে এক মাস বয়সী আরেকটি বাছুরের শরীরে একই পরজীবী শনাক্ত করা হয়। দ্বিতীয় ঘটনাস্থলটি প্রথম সংক্রমণস্থল থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।
ইউএসডিএ জানিয়েছে, প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর যে ২০ কিলোমিটারব্যাপী নিয়ন্ত্রণ অঞ্চল গঠন করা হয়েছিল, দ্বিতীয় ঘটনাটিও সেই এলাকার মধ্যে পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় কোয়ারেন্টিন, পশু চলাচলে নিয়ন্ত্রণ এবং নিবিড় নজরদারি কার্যক্রম চালু করা হয়েছে।
কর্মকর্তাদের ধারণা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে উত্তর দিকে ছড়িয়ে পড়া বৃহত্তর প্রাদুর্ভাবের অংশ হিসেবেই টেক্সাসে এই সংক্রমণ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়ে আসছে মার্কিন কৃষি ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গভর্নর অ্যাবটের জারি করা দুর্যোগ ঘোষণায় বলা হয়েছে, এই প্রাদুর্ভাব টেক্সাসের কৃষি শিল্পের জন্য ‘আসন্ন ও ব্যাপক হুমকি’ তৈরি করতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।
কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির শীতল আবহাওয়ার কারণে সেখানে এই পরজীবীর বড় ধরনের বিস্তার ঘটার সম্ভাবনা কম। তবে খামারিদের গবাদিপশুর ক্ষতস্থান, দুর্গন্ধযুক্ত ক্ষত বা অস্বাভাবিক তরল নির্গমনের বিষয়গুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া টেক্সাসে ভ্রমণকারী ব্যক্তিদের পোষা প্রাণীগুলোকেও পরীক্ষা করার আহ্বান জানিয়েছে কানাডা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গবাদিপশুর বড় আকারের বাণিজ্য রয়েছে। জবাই, প্রজনন, দুগ্ধ ও পশম উৎপাদনের জন্য নিয়মিত দুই দেশের মধ্যে পশু পরিবহন করা হয়। কানাডার কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে ৫ লাখ গরু আমদানি করেছে।
যুক্তরাষ্ট্রে ১৯৬৬ সালে স্ক্রুওয়ার্ম নির্মূল হয়েছে বলে ঘোষণা দেওয়া হলেও পরবর্তী সময়ে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা ঘটেছে। সর্বশেষ পরিস্থিতি মোকাবিলায় মার্কিন কৃষি ও স্বাস্থ্য কর্তৃপক্ষ জিনগতভাবে পরিবর্তিত শত শত কোটি বন্ধ্যা মাছি অবমুক্ত করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি গবাদিপশুর শরীরে পরজীবী শনাক্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘স্নিফার’ কুকুরও ব্যবহার করা হবে।
তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এসব পদক্ষেপ সংক্রমণের বিস্তার পুরোপুরি রোধে যথেষ্ট হবে কি না, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ভোরের আকাশ/এনউব