তুরস্কে দাবানলের তীব্রতা বেড়ে দ্বিতীয় দিনে চলছে কঠোর লড়াই

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রোববার রাত থেকে ইজমিরের কুয়ুজাক ও দোয়ানব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা আগুনকে আরও তীব্রতর করছে বলে জানিয়েছেন তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। আগুনের প্রাদুর্ভাব মোকাবেলায় চারটি গ্রাম ও দুটি পাড়া থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউমাকলি জানান, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার, অগ্নিনির্বাপক বিমান এবং বিভিন্ন যানবাহন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এক হাজারের বেশি উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ করছেন।
গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, পানির ট্রেলার, ট্রাক্টর এবং পানি বহনকারী হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। পাশাপাশি পোড়া গাছ-পালা ঢেকে থাকা পাহাড় থেকে ধোঁয়া উঠছে যা পরিস্থিতিকে সংকটাপন্ন করছে।
তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলো সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্মকাল গরম ও শুষ্ক হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখা হচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
তুরস্কের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
ভোরের আকাশ//হ.র