বাংলাদেশেও কম্পন অনুভূত
মিয়ানমারের হোমালিনে ৫.২ মাত্রার ভূমিকম্প

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় ৬টা ২৯ মিনিটে ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হোমালিনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে ।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সঙ্গে মিয়ানমারের সাগাইং প্রদেশের সীমান্তে হোমালিন এলাকাটি অবস্থিত। ভূমিকম্পের উৎপত্তিস্থল হোমালিনের ভূপৃষ্ঠের ৬৬ কিলোমিটার গভীরে ছিল বলে ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকোভারি এক বিবৃতিতে জানিয়েছে।
ভূমিকম্পের একটি রেখাচিত্রও নিজেদের সাইটে প্রকাশ করেছে ভলকানো ডিসকোভারি। ভূপৃষ্ঠের মোটামুটি গভীরে হওয়ায় অনুভূত কম্পনের হার ছিল মৃদু। এ ভূমিকম্পের ফলে ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান যদিও টেকটোনিক প্লেটের বড় কোনো ফল্ট লাইনের ওপর নয়, তবে, মিয়ানমার এবং ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
ভোরের আকাশ/সু.পা