তিন সপ্তাহ বাড়ল লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি ও লেবাননের রাষ্ট্রদূতরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এই উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। ট্রাম্প আশা করছেন, এই বছরের মধ্যেই দুই দেশ একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে পারবে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে উত্তেজনা এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত বুধবার ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হন, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে বেশি রক্তক্ষয়ী দিন। হিজবুল্লাহ এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলতে হবে। যদিও এই শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না হিজবুল্লাহ।
ভোরের আকাশ/আ.র