সারাদেশে বৃষ্টির আভাস নেই, কমবে রাতের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে। সোমবার এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আবার, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর দেওয়া ঢাকার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।
ভোরের আকাশ/জেআ