বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের

উপকূলীয় অঞ্চলে বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ অবস্থায় ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ কারণে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাছ ধরা বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো ট্রলার কিংবা নৌযান সমুদ্রে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি বর্তমানে সমুদ্রে থাকা সব নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে এবং ট্রলার ও নৌযানের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কোস্ট গার্ড জানায়, তাদের দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সমুদ্রে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ভোরের আকাশ/এনএ