আসছে আরেকটি লঘুচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর পাশাপাশি আগামী সোমবারের (২৫ আগস্ট) মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান লঘুচাপের প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধারা অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা ঘনীভূত হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।
ভোরের আকাশ/হ.র