আইফোনে পানি ঢুকলে কী করবেন? চার্জ দেওয়ার আগে জেনে নিন করণীয়

ওয়াটার রেজিস্ট্যান্ট প্রযুক্তি থাকলেও আইফোন পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়। তাই অসাবধানতাবশত ফোনে পানি ঢুকে গেলে ভুলভাবে চার্জ দিলে চার্জিং পোর্ট বা অভ্যন্তরীণ যন্ত্রাংশের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কিছু সতর্কতা মেনে চললেই বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।
পানি ঢুকলে যা করবেন
১. সতর্কবার্তা দেখলে সঙ্গে সঙ্গে চার্জার খুলুন
ফোনে "Charging Not Available" অথবা "Liquid Detected in USB-C Connector" বার্তা দেখালে সঙ্গে সঙ্গে চার্জিং কেবল খুলে ফেলুন। ভেজা অবস্থায় চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
২. চার্জিং পোর্ট নিচের দিকে রাখুন
আইফোনটি হাতে আলতোভাবে ধরে চার্জিং পোর্ট নিচের দিকে রেখে হালকা টোকা দিন। এতে ভেতরে জমে থাকা পানি বের হতে পারে।
৩. অন্তত ৩০ মিনিট শুকাতে দিন
পানি বের হওয়ার পর ফোনটি বাতাস চলাচল করে এমন শুকনো স্থানে অন্তত ৩০ মিনিট রাখুন। এরপর চার্জ দিয়ে পরীক্ষা করতে পারেন।
৪. বার্তা আবার এলে অপেক্ষা করুন
যদি আবারও একই সতর্কবার্তা আসে, তাহলে ফোনটি অন্তত ২৪ ঘণ্টা শুকনো পরিবেশে রেখে দিন। পুরোপুরি শুকানোর আগে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না।
যে ভুলটি করবেন না
অনেকেই ভেজা ফোন চালের মধ্যে রেখে শুকানোর চেষ্টা করেন। তবে এটি নিরাপদ নয়। চালের ছোট কণা চার্জিং পোর্ট বা অন্যান্য অংশে ঢুকে ফোনের আরও ক্ষতি করতে পারে। তাই এই পদ্ধতি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মনে রাখবেন
আইফোনের আইপি৬৮ রেটিং ফোনটিকে নির্দিষ্ট সীমা পর্যন্ত পানি প্রতিরোধে সক্ষম করে, কিন্তু এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নয়। তাই পানিতে ভিজে গেলে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়াই ফোনের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভোরের আকাশ/এনএ