জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নতুন কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পদত্যাগের ব্যাখ্যায় তিনি বলেন, “নির্বাচন চলাকালে শারীরিক অসুস্থতা সত্ত্বেও দায়িত্ব পালন করেছি। কিন্তু সার্বিক অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে কমিশনের সদস্য হিসেবে আর থাকতে চাই না।”
তিনি অভিযোগ করেন, কমিশনের অভ্যন্তরে অসহযোগিতা থাকায় পুরো নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে পড়েছে। অনিয়ম দূরীকরণের জন্য যে সুপারিশ করা হয়েছিল, তা গৃহীত হয়নি বলেও দাবি করেন তিনি।
মাফরুহী সাত্তার আরও বলেন, “আজ প্রধান নির্বাচন কমিশনার একটি সভা আহ্বান করেন। আমি সেখানে অভিযোগগুলো বিবেচনায় নিয়ে ভোটগণনা সাময়িক স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কমিশন গণনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় আমি মনে করি কমিশনের দায়িত্ব পালন সম্ভব নয়, তাই পদত্যাগ করছি।”
ভোরের আকাশ/হ.র