ডাকসু নির্বাচন
ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী বুথের বাইরে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনার অগ্রগতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোনও অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২২২২ জন, কাস্টিং হয়েছে ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ভোট ৩৯০৭টি (৬৯ শতাংশ), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ