চাপম্যান-রাচিনের চোটে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেলেন সেইফার্ট

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের শুরুতে খেলতে পারবেন না মার্ক চাপম্যান ও রাচিন রবীন্দ্র। পুনর্বাসন প্রক্রিয়ায় আরও সময় প্রয়োজন এই দুই ক্রিকেটারের। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে তাঁদের ফিট হয়ে ওঠা সম্ভব হয়নি।
ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান চাপম্যান। নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফল পর্যালোচনা করে তাঁকে আরও দুই সপ্তাহ পুনর্বাসনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় কাঁধে চোট পান রাচিন রবীন্দ্র। তাঁর কাঁধের হাড় সরে যায়। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, চোট কাটিয়ে ফিল্ডিং করার মতো ফিটনেস ফিরে পেতে রাচিনের আরও সময় লাগবে।
চাপম্যান ও রাচিনের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার টিম সেইফার্টকে আগেভাগেই দলে ডাকা হয়েছে। শুরুতে শুধু শেষ দুই ওয়ানডের জন্য তাঁকে বিবেচনা করা হলেও এখন প্রথম তিন ম্যাচের স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পুরো সিরিজেই দলের সঙ্গে থাকবেন তিনি।
এ ছাড়া বাঁহাতি ব্যাটার হেনরি নিকলস ও অলরাউন্ডার ডিন ফক্সক্রফটকে দলে যুক্ত করেছে নিউজিল্যান্ড। নিকলস খেলবেন প্রথম তিন ওয়ানডেতে, আর ফক্সক্রফটকে রাখা হয়েছে শেষ দুই ম্যাচের জন্য।
প্রথম তিন ম্যাচের স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার ম্যাট ফিশারও। শুরুতে শেষ দুই ওয়ানডের জন্য দলে ছিলেন তিনি। এদিকে ডান পায়ের কোয়াড্রিসেপে হালকা চোটের কারণে শেষ তিন টি-টোয়েন্টিতে খেলতে না পারা ম্যাট হেনরি সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। তাঁর খেলার উপযোগিতা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডে ম্যাচের নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।
ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ম্যাচের নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।
ভোরের আকাশ/সু.পা